| |

লালপুরে চালু হচ্ছে ‘ফিউচার মাইন্ড স্কুল’

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে আধুনিক, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফিউচার মাইন্ড স্কুল’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। লালপুর থানাপাড়ায় (মসজিদ গোলি) চারতলা ভবনে আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে স্কুলটির শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। অত্যধুনিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানের আদলে পরিচালিত হবে স্কুলটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাতে লালপুরের ফুড প্যালেস রেস্টুরেন্টে স্কুলটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানটির লক্ষ্য, পরিকল্পনা ও শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
উদ্যোক্তারা জানান, প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা, প্রযুক্তিগত দক্ষতা ও মননশীলতা বিকাশে গুরুত্ব দেওয়া হবে। বাংলা, ইংরেজি ও আরবি ভাষা শিক্ষার পাশাপাশি গান, কবিতা আবৃত্তি, অঙ্কন, প্রযুক্তি ও ক্রীড়াসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সুযোগ থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রতিভা বিকাশ এবং বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়তা করার পরিকল্পনা রয়েছে।
স্কুল পরিচালনা কমিটিতে শিক্ষাবিদ, বিসিএস ক্যাডার কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক-অধ্যাপক, সমাজ সেবক ও সাংবাদিক যুক্ত রয়েছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
উদ্যোক্তারা আরও জানান, মানসম্মত শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং আগামী প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘ফিউচার মাইন্ড স্কুল’-এর যাত্রা শুরু হচ্ছে। তারা আশা করছেন, প্রতিষ্ঠানটি লালপুরের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে এবং এলাকার শিক্ষাব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.