| |

শান্তিপূর্ণভাবে দুর্গাপ্রতিমা বিসর্জন

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) উপজেলার ৪৬টি পূজামণ্ডপে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৬ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটেছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ছিল উৎসবমুখর পরিবেশ। পূজার দিনগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল মণ্ডপগুলো। পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান, আরতি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব উদযাপন করেন।

বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাতে পূজামণ্ডপগুলোতে ভিড় করেন ভক্তরা। এ সময় সিঁদুর খেলা, প্রার্থনা ও মঙ্গলকামনার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। পরে নির্ধারিত বিসর্জনস্থলে ধর্মীয় রীতি মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।

পালিদেহা গোপাল মন্দিরের সভাপতি গগণ কুমার সরকার বলেন, উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সম্প্রীতির মধ্য দিয়ে নারী-পুরুষ ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখার সভাপতি দীপেন্দ্রনাথ সাহা বলেন, উপজেলার ৪৬টি পূজামণ্ডপে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। প্রতিমা বিসর্জনও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ সহযোগিতা করেছেন। এ জন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি রাখা হয়। সকলের সহযোগিতায় ৪৬টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হয়েছে। উপজেলার ৪৬টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এ উপজেলায় ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ অটুট থাকবে বলে আশা করেন তিনি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.