
নিজস্ব প্রতিবেদক:
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন বলেছেন, বর্তমান সরকার অসহায় মানুষের পাশে আছে। আমাদের চেষ্টা থাকে, দেশের যে কোন প্রান্তে যে কোন মানুষের যে কোন অসুবিধা থেকে উত্তরণ ঘটানো, তাদের দুঃখ-দুর্দশা লাঘব করা। অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করবে সরকার। এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় নাটোরের লালপুরে পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা প্রদানকালে এ কথা বলেন।
উপজেলার নওশারা সুলতানপুরে ২১৪ পরিবার এবং দিয়ার শংকরপুরে ১৮৬ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ছাড়াও ডাল, ভোজ্য তেল, চিনি, চিড়া-মুড়ি, ওষুধ ও নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বন্যার্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রী বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে। এই দুর্যোগ প্রাকৃতিক হোক অথবা মানুষের সৃষ্টি করা হোক।
ফারজানা শারমীন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা চরের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, যাতায়াত ব্যবস্থা সহজ করা এবং দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে চাই। চরে কোন অপশক্তিকে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনকে আর অনিশ্চয়তার মুখে নিয়ে যেতে দেওয়া হবে না, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। অপার সম্ভাবনাময় চরের অর্থনৈতিক কার্যক্রমে গতি সঞ্চার করতেও আমরা পদক্ষেপ গ্রহণ করবো।
প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্যোগকালে সরকারের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। দুর্যোগ পরবর্ত্তী পুনর্বাসন কার্যক্রমেও আপনাদের পাশে থাকতে চাই। কোন ব্যক্তি বা পরিবার আর অনিশ্চতায় থাকবে না। প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে আপনাদের পাশে থাকবো আমরা।