| |

শিরোনাম
আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল না ফেরার দেশে ডা. মুজিবুর রহমান জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  বিদ্যুত উৎপাদনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী পুতুল দলকে শক্তিশালী না করার কোনো দ্বিতীয় বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল যোগ্য, ভালো ও শিক্ষিত মানুষ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী পুতুল নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের ছবি-ভিডিও প্রকাশ ঢাকাতে নাটোরের মিলন মেলা ডাক্তারী শুধু একটি পেশা নয়, বরং পরম সেবা ও মানবিকতার নাম

আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নিজস্ব প্রতিবেদক:

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব, আর আপনারা সেটি নষ্ট করবেন-তা হতে দেওয়া হবে না।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নাটোরের লালপুরে বাইপাস সড়ক ও আড়বাব গ্রামে ছয় শ মিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাটোরের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, লালপুর উপজেলা প্রকৌশলী মো. আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকটের সময়েও সরকার আপনাদের জন্য রাস্তা, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। এত কষ্ট করে সরকার যে উন্নয়ন করছে, আমরা যদি অনিয়ম করে সেগুলো নষ্ট করি, তাহলে সেটি আমাদের জন্য উচিত কাজ হবে না।

তিনি আরও বলেন, লালপুরে কত রাস্তা-ঘাট, স্কুল-কলেজ বা অন্যান্য উন্নয়ন প্রয়োজন, আমাকে বলুন। প্রয়োজন অনুযায়ী উন্নয়ন করার চেষ্টা করব। তবে আপনারা এসব উন্নয়নমূলক কাজ নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করবেন। উন্নয়ন শুধু করে দিলেই হবে না, সেটি টিকিয়ে রাখার দায়িত্বও সবার।

লালপুর বাজারের সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাটের বিষয়ে তিনি বলেন, আপনাদের নামে চিঠি দেওয়া হবে। চিঠিতে যে সময়সীমা দেওয়া হবে, সেই সময়ের মধ্যে সড়কপথ থেকে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দোকান না সরালে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ করছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হয়। কিন্তু কিছু অসাধু ব্যক্তি সড়ক দখল করে বাজার বসিয়ে এই উন্নয়নের সুফল নষ্ট করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, উন্নয়ন টেকসই করতে হলে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণকে একযোগে কাজ করতে হবে, যাতে সড়কগুলো সবসময় চলাচলের উপযোগী থাকে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

লালপুর উপজেলা প্রকৌশলী মো. আওলাদ হোসেন জানান, ছয় রাস্তার মোড় এলাকায় প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্যের এবং আড়বাব ইউনিয়নে ৫৬ লাখ টাকা ব্যয়ে ৬০০ মিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রত্যাশিত ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর ফিলিং স্টেশন থেকে বনপাড়া-লালপুর জেলা সড়কের ছয় রাস্তার মোড় বাইপাস সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। যানজট নিরসন ও স্থানীয় যোগাযোগব্যবস্থা আরও সহজ করে জনসাধারণের ভোগান্তি কমাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.