
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ভোর রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের ফরমান আলীর ছেলে মো. আরিফুজ্জামান বাপ্পী (৪৮) ও উত্তর লালপুর গ্রামের মৃত আলম মোল্লার ছেলে মো. জিল্লুর রহমান (৪১)।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, এসআরবির আভিযানিক দল বৃহস্পতিবার ভোর রাত পৌনে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী মো. আরিফুজ্জামান বাপ্পী ও মো. জিল্লুর রহমানকে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে জানা যায়, মাদক ব্যবসায়ী মো. আরিফুজ্জামান বাপ্পী উদ্ধারকৃত মাদক হেরোইন নিয়ে মোটরসাইকেল যোগে মো? জিল্লুর রহমানের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে লালপুর বাজারের দিকে যাচ্ছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থল এলাকায় অভিযানের লক্ষ্যে চেকপোস্ট স্থাপন করে আসামিদ্বয়কে গ্রেপ্তার পূর্বক প্রদত্ত তথ্যের ভিত্তিতে আসামির হেফাজত হতে আইন মোতাবেক উদ্ধারকৃত আলামত ৫২৫ গ্রাম হেরোইন এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি এ্যান্ডয়েড মোবাইল জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামেদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাত আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালপুর থানা থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে উপজেলার রামকৃষ্ণপুর পদ্মা নদীর পাড় থেকে প্রায় ১০ গজ উত্তরে তালগাছের গোড়ায় একটি শপিং ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহজনক শপিং ব্যাগটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২ রাউন্ড গুলি, ১টি ওয়াকিটকি ও ১টি ওয়াকিটকির চার্জার উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
উদ্ধার করা আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।