
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর পরিবেশ রক্ষায় দিনব্যাপী উপজেলায় ৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) উপজেলায় পরিচালিত অভিযানে ভাটা মালিকদের কাছ থেকে জরিমানা আদায়ের পাশাপাশি দুটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এবং নাটোর জেলা কার্যালয়ের উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে এ অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলার মোমিনপুরের মেসার্স বি.বি.আর ব্রিকস ও চকশেরপাড়ার মেসার্স বি.এ.টি.এ ব্রিকসের ১২০ ফুট উচ্চতার অবৈধ ফিক্সড চিমনি এক্সেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়।
এছাড়া অবৈধ জিগজ্যাগ ভাটা পরিচালনার দায়ে মঞ্জিলপুকুরের মেসার্স এন.এ.বি ব্রিকসের কিলন ভেঙে দেওয়াসহ সাইপাড়ার মেসার্স বি.বি.সি ব্রিকস এবং নওদাপাড়ার মেসার্স জে.এইচ.বি ব্রিকস, মেসার্স ভি.আই.পি ব্রিকস ও মেসার্স এম.এস.পি ব্রিকসের প্রত্যেককে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৭টি ভাটার পরিবেশের পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র না থাকায় এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর নাটোরের পরিদর্শক মো. বরহান উদ্দীন।
এ সময় সার্বিক সমন্বয়কারী নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাবিবুল বাসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
নাটোর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট (অফিস প্রধান/সহকারি পরিচালক) মো. হাবিবুল বাসার জানান, জরিমানার অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও ক্ষতিকর বায়ুদূষণ জনস্বাস্থ্য, কৃষিজমি এবং প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে পরিবেশ সংরক্ষণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি দীর্ঘদিনের।
পরিবেশ অধিদপ্তরের এ অভিযানকে অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তবে শুধু অভিযান ও জরিমানা নয়, ভবিষ্যতেও যাতে এসব ভাটা আইন মেনে পরিচালিত হয়, সে জন্য নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।