| |

মা ইলিশের পচা ডিম ও জাতীয় মাছের ভবিষ্যৎ 

-প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম:

গত ৩০ অক্টোবর সকাল থেকে ফেণীর মাছঘাট সংলগ্ন নদীতে ভেসে বেড়াচ্ছিল অসংখ্য পচা ইলিশের দেহ। কোথাও নদীর পাড়ে, কোথাও বাজার-ঘাটের আশপাশে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। এসব মাছের অনেকগুলোই ডিমওয়ালা মা ইলিশ। যে মাছগুলোকে রক্ষা করার জন্য সরকার নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, সেই মাছই শেষ পর্যন্ত মানুষের লোভ, অবৈধ বাণিজ্য এবং নজরদারির দুর্বলতার শিকার হয়ে পচে নদীতে ভাসছে! নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ফেনীর বাজার ও মাছঘাটে শত শত মণ পচা ইলিশের উপস্থিতির যে খবর সামনে এসেছে, তা কেবল একটি এলাকার মাছ নষ্ট হওয়ার ঘটনা নয়; এটি আমাদের মৎস্যসম্পদ ব্যবস্থাপনা, আইন প্রয়োগ এবং প্রাকৃতিক সম্পদের প্রতি দায়িত্ববোধের এক নির্মম চিত্র।

এই মা ইলিশদের মৃত্যুর দায় কার? জেলেদের, আড়তদারদের, অসাধু ব্যবসায়ীদের, নাকি দায়িত্ব পালনে ব্যর্থ নজরদারি ব্যবস্থার? যে মাছের পেটে রয়েছে আগামী প্রজন্মের ইলিশ, সেই মাছকে অবৈধভাবে ধরে বাজারে বিক্রি করতে না পেরে নদীতে ফেলে দেওয়ার মতো নিষ্ঠুরতা কীভাবে সম্ভব? মাছের দেহ পচে যাচ্ছে, অথচ তার সঙ্গে পচছে আমাদের বিবেক, আইনের কার্যকারিতা এবং জাতীয় সম্পদ রক্ষার অঙ্গীকারও।

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ কেবল একটি খাদ্যপণ্য নয়; এটি দেশের অর্থনীতি, সংস্কৃতি, জীববৈচিত্র্য এবং লাখো মানুষের জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ইলিশের উৎপাদন ও প্রজনন রক্ষায় সরকার প্রতিবছর নির্দিষ্ট সময়ে নিষেধাজ্ঞা আরোপ করে। এই সময় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা গেলে বিপুলসংখ্যক পোনা জন্ম নেওয়ার সুযোগ পায়। দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করেন জেলে, ব্যবসায়ী, ভোক্তা এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতি।

অর্থাৎ, নিষেধাজ্ঞা জেলেদের শাস্তি দেওয়ার জন্য নয়; বরং ইলিশের ভবিষ্যৎ উৎপাদন ও জেলেদের দীর্ঘমেয়াদি জীবিকা সুরক্ষার জন্য। আজ কয়েক দিনের বাড়তি মুনাফার লোভে একটি মা ইলিশ হত্যা করা মানে আগামী দিনের অসংখ্য ইলিশের সম্ভাবনাকে ধ্বংস করা।

কিন্তু বাস্তবতা হলো, নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ ধরার প্রলোভন পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। একদিকে আইন অমান্য করে মাছ ধরার চেষ্টা, অন্যদিকে অবৈধ মাছ কেনাবেচার বাজার—এই দুইয়ের সমন্বয়ে গড়ে উঠছে নিষিদ্ধ বাণিজ্যের শৃঙ্খল। এর সঙ্গে যুক্ত হয় দুর্বল নজরদারি, প্রভাবশালী চক্রের দৌরাত্ম্য এবং শাস্তি এড়ানোর প্রত্যাশা।

ফেনীর বাজার ও মাছঘাটে শত শত মণ পচা ইলিশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ার ঘটনাটি এই কৌতুহল সামনে এনেছে। তা হলো, মাছগুলো কখন, কোথায় এবং কীভাবে ধরা হয়েছিল? নিষেধাজ্ঞা চলাকালে আহরিত মাছ কীভাবে এত বিপুল পরিমাণে জমা হলো? সংশ্লিষ্ট আড়ত, পরিবহনব্যবস্থা ও মজুতস্থলগুলোর ওপর যথাযথ নজরদারি ছিল কি? এসব প্রশ্নের উত্তর অনুসন্ধান ছাড়া দায় নির্ধারণ করা সম্ভব নয়।

মাছগুলো বাজারে বিক্রি করতে না পারলে সেগুলো নদীতে ফেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এতে একদিকে খাদ্যসম্পদের অপচয় ঘটে, অন্যদিকে পচনশীল জৈববর্জ্য নদীর পানির গুণমান ও জলজ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিপুল পরিমাণ মাছ এক জায়গায় পচলে পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ফলে অন্যান্য জলজ প্রাণীর জীবনও বিপন্ন হতে পারে।

মরে ভেসে ওঠা মা ইলিশের পেটে ভবিষ্যৎ প্রজন্ম কেমনে হবে? একটি ডিমওয়ালা মা ইলিশের মূল্য কেবল তার বাজারদর দিয়ে নির্ধারণ করা যায় না। প্রজননের উপযোগী একটি মাছ অসংখ্য ডিম ধারণ করে। সব ডিম থেকে অবশ্য পোনা জন্মায় না; জন্ম নেওয়া সব পোনাও পূর্ণবয়স্ক হয় না। তারপরও প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপত্তা নিশ্চিত করা ইলিশের বংশবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যে মা ইলিশকে নদীতে ডিম ছাড়ার সুযোগ দেওয়ার কথা, তাকে যদি নিষেধাজ্ঞার মধ্যেই ধরে ফেলা হয়, তবে ক্ষতি শুধু একটি মাছের মৃত্যুতে সীমাবদ্ধ থাকে না। সম্ভাব্য নতুন প্রজন্মের ইলিশও জন্মের আগেই হারিয়ে যায়। এভাবে বারবার প্রজননক্ষম মাছ নিধন চলতে থাকলে দীর্ঘ মেয়াদে ইলিশের প্রজনন ও উৎপাদনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

অথচ এই ক্ষতির কোনো হিসাব অসাধু শিকারি বা ব্যবসায়ীর তাৎক্ষণিক মুনাফার খাতায় থাকে না। তাদের কাছে মাছের মূল্য তার বিক্রয়মূল্য; কিন্তু রাষ্ট্রের কাছে এর মূল্য খাদ্যনিরাপত্তা, জীবিকা, রপ্তানি আয় এবং পরিবেশগত ভারসাম্যের সঙ্গে সম্পর্কিত। নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঘটনায় প্রায়ই নদীতে মাছ ধরা জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে আসে। আইন অমান্য করে মাছ ধরলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবশ্যই নিতে হবে। কিন্তু অবৈধ মাছের বাণিজ্য কেবল জেলের জালেই শেষ হয় না।

ধরা মাছ কিনে নেওয়ার লোক থাকে, পরিবহনকারী থাকে, মজুতকারী থাকে, আড়তদার থাকে এবং শেষ পর্যন্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার বাজারও থাকে। এই পুরো শৃঙ্খল অক্ষত রেখে শুধু নদীতে মাছ ধরা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালালে সমস্যার স্থায়ী সমাধান হবে না।

এ ধরনের অপরাধের প্রতিকারে চাই পাঁচটি জরুরি শক্ত পদক্ষেপ । প্রথমত, ফেনীতে পচা ইলিশ ফেলে দেওয়ার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। মাছের উৎস, আহরণের সময়, সংশ্লিষ্ট আড়ত, পরিবহনপথ এবং সম্ভাব্য মজুতকারীদের শনাক্ত করে তদন্তের ফল জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন। দ্বিতীয়ত, নিষেধাজ্ঞাকালে নদীতে টহল জোরদার করতে হবে। ঝুঁকিপূর্ণ নদীপথ, মাছঘাট ও অবৈধ মাছ অবতরণের স্থান চিহ্নিত করে মৎস্য বিভাগ, নৌ-পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত অভিযান পরিচালনা করতে হবে। প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিনির্ভর নজরদারি ও স্থানীয় তথ্যদাতাদের সহায়তা নেওয়া যেতে পারে।

তৃতীয়ত, অবৈধ বাণিজ্যের পুরো শৃঙ্খল শনাক্ত করতে হবে। শুধু জাল বা নৌকা জব্দ করেই দায়িত্ব শেষ করা যাবে না; অবৈধ মাছের ক্রেতা, মজুতকারী, পরিবহনকারী এবং বিক্রেতাদের বিরুদ্ধে প্রমাণসাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকলেও আইনের প্রয়োগে ছাড় দেওয়া যাবে না। চতুর্থত, নিষেধাজ্ঞাকালীন সরকারি সহায়তা যথাসময়ে প্রকৃত জেলেদের হাতে পৌঁছাতে হবে। পাশাপাশি বাজারে ইলিশের সরবরাহ, সন্দেহজনক মজুত এবং অবৈধ পরিবহনের ওপর নজরদারি বাড়াতে হবে। এতে অবৈধ মাছের বাজার সংকুচিত হবে। পঞ্চমত, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। অভিযোগকারীর নিরাপত্তা এবং তথ্য যাচাইয়ের ব্যবস্থা থাকলে স্থানীয় পর্যায়ে অবৈধ বাণিজ্য শনাক্ত করা সহজ হবে।

দায় শুধু ব্যক্তির নয়, ব্যবস্থারও দায় আছে। মা ইলিশ রক্ষার দায়িত্ব কেবল মৎস্য অধিদপ্তর বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়। এটি জেলে, ব্যবসায়ী, ভোক্তা, স্থানীয় প্রশাসন এবং রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। তবে সম্মিলিত দায়িত্বের অর্থ এই নয় যে ব্যক্তিগত অপরাধের দায় সবার মধ্যে ভাগ করে দিয়ে কাউকে জবাবদিহির আওতার বাইরে রাখা হবে।

নিষেধাজ্ঞার সময় কেউ অবৈধভাবে মাছ ধরলে, কেউ সেই মাছ কিনলে, কেউ গোপনে মজুত করলে এবং কেউ বিক্রির ব্যবস্থা করলে প্রত্যেকের ভূমিকা অনুযায়ী জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা দায়িত্বে অবহেলা করেছেন কি না, তা-ও প্রমাণের ভিত্তিতে খতিয়ে দেখা প্রয়োজন।

এবছর আক্টোবরের ২২ দিনে নিষেধাজ্ঞার সময় চুরি করে ধরা ডিমওয়ালা মা ইলিশ বাজারে বিক্রি করতে না পেরে নদীতে ফেলে দেওয়ার ঘটনা আমাদের মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও নৈতিকতার চরম ব্যর্থতার প্রতীক। যে মা ইলিশের পেটে লুকিয়ে আছে ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা, তাকে হত্যা করে বাজারে বিক্রি করতে না পেরে পচিয়ে নদীতে ফেলে দেওয়া শুধু খাদ্যসম্পদের অপচয় নয়, প্রকৃতির সঙ্গে এক নিষ্ঠুর বিশ্বাসঘাতকতাও। এই পাপের দায় কি শুধু জেলের, নাকি অবৈধ মাছের ক্রেতা, মজুতদার, আড়তদার ও বিক্রেতাদেরও? আর নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্ব যাঁদের, তাঁদের ভূমিকা কতটা জবাবদিহির আওতায় এসেছে? এসব চেইন প্রতারণার উত্তর খুঁজতে হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে।

চৌর্যবৃত্তির মাধ্যমে আহরিত এসব পচা-গলা ইলিশ মাছের উৎস, অবৈধ দাদন, পরিবহন, মজুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রকৃত জেলেদের নিষেধাজ্ঞাকালীন সহায়তা নিশ্চিত করতে হবে, যাতে জীবিকার সংকট তাঁদের আইন ভাঙতে বাধ্য না করে। আমাদের সবার মনে রাখতে হবে, এই নিষেধাজ্ঞা শুধু মাছ ধরার ওপর সাময়িক আদেশ নয়, এটি ইলিশের ভবিষ্যৎ রক্ষার জাতীয় অঙ্গীকার। কারণ, আমাদের জাতীয় মাছ মা ইলিশের প্রতি নির্মমতা ও পচে ভাসা ইলিশের ডিমে আমাদের দেশে ইলিশশুণ্যতা কারো কাম্য হতে পারে না। একটি লোভী চক্রের ফাঁদে পড়ে মাত্র কয়েক দিনের অবৈধ মুনাফার জন্য সেই অঙ্গীকার ধ্বংস হতে দেওয়া যায় না।

* প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন। E-mail: [email protected]

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.