
-প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম।
বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। প্রাকৃতিক সম্পদ, কৃষি, নদ-নদী, সীমান্তবাণিজ্য ও ভৌগোলিক অবস্থানের কারণে জেলাটির অর্থনৈতিক সম্ভাবনা অনেক। অথচ সম্ভাবনার তুলনায় উন্নয়নের গতি এখনো প্রত্যাশিত নয়। তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর ভাঙন, দারিদ্র্য, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, শিক্ষার সীমাবদ্ধতা, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা এবং সামাজিক বৈষম্য জেলার একটি বড় জনগোষ্ঠীকে প্রতিনিয়ত সংগ্রাম করতে বাধ্য করছে। বিশেষ করে কৃষিশ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, চা-শ্রমিক, চরাঞ্চলের মানুষ এবং নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এখনো একটি বড় সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ।
এই বাস্তবতায় ‘আলোকিত লালমনিরহাট’ হতে পারে মানুষের জীবন বদলে দেওয়ার একটি সম্মিলিত সামাজিক, অর্থনৈতিক ও মানবিক আন্দোলন। এ আন্দোলনের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ, মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা এবং জেলার উন্নয়ন-সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার বিষয়টি বিশেষভাবে আলোচনার দাবি রাখে।
লালমনিরহাটের বিপুলসংখ্যক মানুষ কৃষি, কৃষিশ্রম, ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, নির্মাণশ্রম, দিনমজুরি ও অনানুষ্ঠানিক পেশার ওপর নির্ভরশীল। তাঁদের অনেকেরই কাজের নিশ্চয়তা নেই, নিয়মিত আয় নেই, নেই পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা। মৌসুমি কর্মসংস্থান, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, উৎপাদন উপকরণের ব্যয় বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য তাঁদের অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করে। বিশেষ করে চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকার মানুষের জীবনে দারিদ্র্য যেন বংশপরম্পরায় বহমান।
তিস্তা নদীর ভাঙন ও পানিপ্রবাহের পরিবর্তন এই সংকটকে আরও জটিল করেছে। অ্যাকশনএইডের গবেষণার বরাতে এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে তিস্তাপারের নদীনির্ভর ৩৫ শতাংশ মানুষ পেশা হারিয়েছেন এবং ৪২ শতাংশ মানুষকে দশবার পর্যন্ত ঠিকানা পরিবর্তন করতে হয়েছে। পরিবারপ্রতি বছরে গড় আর্থিক ক্ষতির পরিমাণও উল্লেখযোগ্য।
অন্যদিকে, সীমান্তবর্তী জেলা হওয়ায় লালমনিরহাটে বাণিজ্যিক সম্ভাবনা থাকলেও সীমান্ত অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। কর্মসংস্থানের সীমাবদ্ধতা, শিল্পকারখানার স্বল্পতা, বিনিয়োগের অভাব এবং দক্ষতা উন্নয়নের পর্যাপ্ত সুযোগ না থাকায় তরুণদের একটি বড় অংশ কর্মসংস্থানের জন্য ঢাকা, গাজীপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাড়ি জমায়। অনেকে বিদেশে যাওয়ার আশায় জমিজমা বিক্রি করেন কিংবা উচ্চ সুদে ঋণ নেন। তাঁদের একটি অংশ দালালের প্রতারণার শিকার হন। এ পরিস্থিতি থেকে উত্তরণে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই।
অর্থনৈতিক অনগ্রসরতার পাশাপাশি সামাজিক সমস্যাও লালমনিরহাটের উন্নয়নের পথে বড় বাধা। মাদকাসক্তি, অনলাইন জুয়া, মোবাইল ক্যাসিনো, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় একটি জনপদের মানবিক ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। বিশেষ করে বেকার তরুণদের একটি অংশ অনলাইন জুয়া ও মাদকের মতো ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকছে। এই বাস্তবতায় ‘আলোকিত লালমনিরহাট’কে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। এর মূল দর্শন হচ্ছে, কেবল রাস্তাঘাট, সেতু, ভবন ও অবকাঠামো নির্মাণ করলেই একটি জেলা আলোকিত হয় না; মানুষের চিন্তা, আচরণ, মূল্যবোধ ও সামাজিক সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আনতে হয়। এ উদ্যোগে ২০২৬ সালের মার্চে আয়োজিত অংশীজনদের মতবিনিময় সভায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মাদক নিয়ন্ত্রণ, নগর ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও ডিজিটাল সেবা সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় এসেছে।
এই উদ্যোগের ইতিবাচক দিক হলো, তিনি সামাজিক সমস্যাকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে না দেখে সামগ্রিক সামাজিক উন্নয়নের সঙ্গে যুক্ত করার কথা বলছেন। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে শুধু পুলিশি অভিযান নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় সমাজের সম্মিলিত দায়িত্বের বিষয়টি সামনে আনা প্রয়োজন। ২০২৬ সালের অক্টোবর মাসে তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন।
তবে সামাজিক আন্দোলনকে কার্যকর করতে হলে এর সাংগঠনিক কাঠামো, লক্ষ্য, কর্মপদ্ধতি ও ফলাফল পরিমাপের ব্যবস্থা থাকতে হবে। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে সামাজিক প্রতিরোধ কমিটি গঠন করা যেতে পারে। এসব কমিটিতে নারী, তরুণ, শিক্ষক, সমাজকর্মী, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে ঝুঁকিপূর্ণ পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন, অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার এবং নারী নির্যাতনের ঘটনায় দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। সামাজিক অপরাধের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ব্যক্তিগত প্রতিহিংসা, রাজনৈতিক হয়রানি কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ না পায়, সেটিও নিশ্চিত করা জরুরি।
লালমনিরহাটের উন্নয়ন ভাবনায় শ্রমজীবী দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ একটি জেলার অর্থনৈতিক সমৃদ্ধি তখনই অর্থবহ হয়, যখন উন্নয়নের সুফল সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছায়। শুধু বড় প্রকল্প, দৃষ্টিনন্দন স্থাপনা কিংবা সড়ক নির্মাণ দিয়ে দারিদ্র্য দূর করা সম্ভব নয়। প্রয়োজন আয়বর্ধক কর্মসূচি, উৎপাদনমুখী বিনিয়োগ ও সামাজিক সুরক্ষার সমন্বিত ব্যবস্থা।
এজন্য প্রথমত, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে হবে। লালমনিরহাটের কৃষকদের উন্নত বীজ, সেচ, কৃষিযন্ত্র, কৃষিঋণ, সংরক্ষণাগার এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। আলু, ভুট্টা, ধান, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে হবে। এতে কৃষকের আয় বাড়বে এবং স্থানীয়ভাবে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
দ্বিতীয়ত, কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ, দুগ্ধজাত পণ্য, হস্তশিল্প, পাটজাত পণ্য, কৃষিযন্ত্র মেরামত এবং ক্ষুদ্র উৎপাদনশীল উদ্যোগে সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। বিশেষ করে নারী উদ্যোক্তা ও যুব উদ্যোক্তাদের জন্য পৃথক তহবিল গঠন করা প্রয়োজন। তৃতীয়ত, শ্রমজীবী মানুষের সামাজিক নিরাপত্তা বাড়াতে হবে। দিনমজুর, রিকশা-ভ্যানচালক, নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা, দুর্ঘটনা বিমা, দুর্যোগকালীন সহায়তা এবং কর্মসংস্থানভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা যেতে পারে। সরকারি সহায়তা যেন রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে নয়, বরং প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে বণ্টিত হয়।
চতুর্থত, তরুণদের কর্মসংস্থানে কারিগরি ও ডিজিটাল দক্ষতা বাড়াতে হবে। আইটি, ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিক্যাল কাজ, কৃষি প্রযুক্তি, আধুনিক যন্ত্র পরিচালনা ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। প্রশিক্ষণ শেষে চাকরি বা আত্মকর্মসংস্থানের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। শুধু সনদ বিতরণ নয়, প্রশিক্ষণপ্রাপ্ত কতজন কাজ পেলেন, সেটিও নিয়মিত মূল্যায়ন করা জরুরি।
আলোকিত লালমনিরহাট গড়তে হলে শিক্ষাকে উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে জেলার সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি। দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনা, কারিগরি শিক্ষার প্রসার এবং নারীশিক্ষায় বিশেষ উদ্যোগ নিতে হবে। প্রত্যন্ত চরাঞ্চলে শিক্ষার সুযোগ বাড়াতে কমিউনিটি শিক্ষাকেন্দ্র ও ডিজিটাল শিক্ষাব্যবস্থা চালু করা যেতে পারে। নারীদের সেলাই, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও ক্ষুদ্র ব্যবসায় প্রশিক্ষণ দিয়ে তাঁদের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা সম্ভব। একই সঙ্গে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
লালমনিরহাটের ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সম্পদে রূপান্তর করার সুযোগ রয়েছে। তিস্তা ও ধরলা নদীকে ঘিরে কৃষি, মৎস্য, পর্যটন ও পরিবেশবান্ধব অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করা সম্ভব। নদীভাঙন প্রতিরোধ, টেকসই বাঁধ নির্মাণ, নদীশাসন এবং চরাঞ্চলের মানুষের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিও জাতীয় উন্নয়ন ও আঞ্চলিক বৈষম্য নিরসনের গুরুত্বপূর্ণ দাবি হিসেবে সামনে রাখতে হবে।
অন্যদিকে, লালমনিরহাট বিমানবন্দর ও রেল যোগাযোগের সম্ভাবনা, বুড়িমারী স্থলবন্দর এবং সীমান্তবর্তী বাণিজ্যিক অবস্থানকে কাজে লাগানো প্রয়োজন। বিশেষ করে বুড়িমারী স্থলবন্দরের অবকাঠামো, পণ্য পরিবহন, সংরক্ষণ ও শুল্ক ব্যবস্থাপনার আধুনিকায়ন হলে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আসতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় উদ্যোক্তাদের জন্যও নতুন সুযোগ তৈরি হবে।
‘আলোকিত লালমনিরহাট’কে তিনি যদি সামাজিক সচেতনতা, অর্থনৈতিক মুক্তি, মানবিক মূল্যবোধ ও সুশাসনের সমন্বিত আন্দোলনে পরিণত করতে পারেন, তাহলে এটি দেশের অন্যান্য অনগ্রসর জেলার জন্যও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। তবে মনে রাখতে হবে, মাদকমুক্ত সমাজ, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা ও নদীভাঙন প্রতিরোধ, কোনোটিই একদিনে অর্জন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা, ধারাবাহিক বিনিয়োগ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ। তাঁর নেতৃত্বের সার্থকতা তখনই প্রতিষ্ঠিত হবে, যখন লালমনিরহাটের একজন দিনমজুর কাজের নিশ্চয়তা পাবেন, একজন কৃষক উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবেন, একজন নারী নিরাপদে চলাফেরা করতে পারবেন, একজন তরুণ নিজ জেলায় কর্মসংস্থান খুঁজে পাবেন এবং নদীভাঙনে নিঃস্ব পরিবার নতুন করে বেঁচে থাকার অবলম্বন খুঁজে পাবে।
প্রকৃত অর্থে আলোকিত লালমনিরহাট মানে শুধু আলোকসজ্জিত শহর কিংবা উন্নত দোকানপাট না করে এর অর্থ দিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত পরিবার, মাদক ও অপরাধমুক্ত সমাজ, শিক্ষিত ও দক্ষ তরুণ প্রজন্ম, মর্যাদাপূর্ণ শ্রম, নারীর নিরাপত্তা এবং বৈষম্যহীন মানবিক জনপদ। জনাব আসাদুল হাবিব দুলু ভাইয়ের উদ্যোগ যদি এই লক্ষ্য অর্জনে রাজনৈতিক প্রতিশ্রুতির ঊর্ধ্বে উঠে জনমানুষের আন্দোলনে পরিণত হয়, তাহলে লালমনিরহাটের উন্নয়নের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচিত হতে পারে।
* প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন। E-mail: [email protected]