| |

সনাক প্রতিনিধি নির্বাচিত জামালপুরের আশরাফুজ্জামান স্বাধীন

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের ৪৫টি সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর প্রতিনিধিদের সর্বোচ্চ ভোটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সাধারণ পর্ষদে সনাক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জামালপুর সনাকের সহ-সভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামানস্বাধীন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) অনলাইন পদ্ধতিতে ‘টিআইবির সাধারণ পর্ষদে সনাক প্রতিনিধি নির্বাচন-২০২৬’ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশের ৪৫টি সনাকের প্রতিনিধিরা ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের প্রদত্ত ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি টিআইবির সাধারণ পর্ষদের সদস্য নির্বাচিত হন। এটি পর্ষদের পঞ্চম মেয়াদের জন্য সনাক প্রতিনিধি নির্বাচন।

নির্বাচন শেষে এক অভিনন্দন পত্রে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নবনির্বাচিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। চিঠিতে জানানো হয়, পর্ষদের পরবর্তী সভার তারিখ থেকে তাঁর এই সদস্যপদের মেয়াদ কার্যকর হবে এবং তা পরবর্তী দুই বছর পর্যন্ত বহাল থাকবে। সাধারণ পর্ষদের সদস্য হিসেবে তাঁর সক্রিয় অংশগ্রহণ টিআইবির দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান ও সমৃদ্ধ করবে বলে নির্বাহী পরিচালক আশা প্রকাশ করেন।

এই বিজয়ে আশরাফুজ্জামান স্বাধীন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ. কে. এম. আশরাফুজ্জামানের এই অর্জনে জামালপুর সনাকের উপদেষ্টা, সভাপতি ও সদস্যবৃন্দসহ জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.