
নিজস্ব প্রতিবেদক।। লালপুরে এমকে পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান ইউনিয়নের দাঁইড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ বড়াইগ্রাম উপজেলার জামাইদীঘা গ্রামের জফির প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিকাজের জন্য কদিমচিলান এলাকা থেকে সার কিনে একটি ভ্যানে করে বাড়িতে পাঠিয়ে দেন আব্দুল মজিদ। পরে তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে নাটোর-পাবনা মহাসড়কের দাঁইড়পাড়া এলাকায় পৌঁছালে এমকে পরিবহনের একটি বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করে থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনায়: আ.স/প্রাপ্তি প্রসঙ্গ/তারিখ-১৯.১১.২০২৬