রবিবার | ১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮ মাঘ, ১৪৩২

লালপুর–বাগাতিপাড়ায় মানবিক রাজনীতি, কর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যারিস্টার পুতুলের

রাশিদুল ইসলাম রাশেদ :
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড় করানোর সক্ষমতা একমাত্র বিএনপিরই রয়েছে। তিনি বলেন, “আমরা কেউ আর ৫ আগস্টের আগের বাংলাদেশে ফিরে যেতে চাই না। ঘৃণা, হিংসা ও বৈষম্যের রাজনীতি থেকে দেশকে বের করে আনতেই বিএনপির রাজনীতি।”
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি ও প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার পুতুল বলেন, লালপুর–বাগাতিপাড়ায় অবকাঠামোগত সমস্যা থাকলেও গত দেড় দশকে দেশের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মানবিকতার জায়গায়। পরিকল্পিতভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। এই অন্ধকার সময় থেকে দেশকে ফিরিয়ে আনতে হলে সহনশীল ও মানবিক রাজনীতির চর্চা জরুরি।
তিনি বলেন, “যোগ্যতা থাকা সত্ত্বেও গত ১৭ বছরে অনেক বিএনপি নেতাকর্মীর সন্তান চাকরি পাননি। কিন্তু বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। রাজনৈতিক পটপরিবর্তনের পরও আমরা মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছি।”
যুব সমাজের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার পুতুল বলেন, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে লালপুর ও বাগাতিপাড়ার তরুণদের পরিকল্পিতভাবে মাদকের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “ভবিষ্যৎ বাংলাদেশ হবে কর্মক্ষম তরুণদের বাংলাদেশ। অথচ এখানকার যুবসমাজকে মাদক সিন্ডিকেটের মাধ্যমে বিপথগামী করা হয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব পাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।” বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে বলেও তিনি ঘোষণা দেন। একই সঙ্গে লালপুর–বাগাতিপাড়াকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এলাকার উন্নয়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, মরহুম ফজলুর রহমান পটলের মৃত্যুর পর লালপুর–বাগাতিপাড়ার কাঙ্ক্ষিত উন্নয়ন থমকে গেছে। একটি আধুনিক ও উন্নয়নমুখী বাগাতিপাড়া গড়তে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
তিনি দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক করে বলেন, ধানের শীষের কর্মসূচিতে বাধা দিয়ে যারা মানুষকে বিপথগামী করতে চায়, জনগণই তাদের উপযুক্ত জবাব দেবে।
সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ধানের শীষের সমর্থক ভোটাররা। বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০১-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.