
নিজস্ব প্রতিবেদক :
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, বেকারদের জন্য সরকার লক্ষ লক্ষ কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে, যার ৮০ শতাংশই হবে নারীদের জন্য। পাশাপাশি মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে সরকার।
রোববার (৩’রা মে ২০২৬) নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আড়বাব ইউনিয়নের সালামপুর এলাকায় চন্দনা খাল ও ওয়ালিয়া ইউনিয়নের খলিসাডাঙ্গা নদীর খনন কাজের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, অনলাইন জুয়া ও ইমু হ্যাকিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বর্তমান সরকার যেকোনো মূল্যে বাংলাদেশ থেকে অন্যায় নির্মূল করে ছাড়বে ইনশাল্লাহ।
এ সময় লালপুরে বাড়তে থাকা মাদক ও সাইবার অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যদি আমরা সমাজকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করতে না পারি, তাহলে শুধু খাল খনন করে উন্নয়ন সম্ভব হবে না। যুবসমাজকে রক্ষা করতে না পারলে কোনো উন্নয়নই টেকসই হবে না। আজকে যে মা-বাবার সন্তান ২৩ থেকে ২৬ বছর বয়সে হঠাৎ কাঁচা টাকা দিয়ে একতলা-দোতলা বাড়ি বানিয়ে দিচ্ছে, সেই মা-বাবাদের সজাগ হতে হবে। কারণ অবৈধ উপার্জনের পথ শেষ পর্যন্ত ধ্বংসের দিকেই নিয়ে যায়।
তিনি আরও বলেন, লালপুরের বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়ন যেন আর মাদক ও ইমু হ্যাকিংয়ের কারণে পরিচিত না হয়। আপনারা সচেতন না হলে প্রশাসনের একার পক্ষে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, পানির সংকট নিরসন এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ১৭ বছর ধরে বাংলাদেশকে যে ধ্বংসাবশেষে রূপান্তরিত করা হয়েছে, সেখান থেকে দেশকে পুনর্গঠন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।
প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারের ৩১ দফার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা, মাদকমুক্ত সমাজ গঠন, বৃক্ষরোপণ এবং অবকাঠামো উন্নয়ন প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।
এ সময় তিনি চলমান সড়ক নির্মাণসহ সব উন্নয়নকাজে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৩-০৪