
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে বিষাক্ত সাপের কামড়ে আহত এক কৃষককে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁক করে সময়ক্ষেপণ করায় মনির উদ্দিন প্রামানিক (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার কেশবপুর গ্রামের মুরগিতলা মাঠে এ ঘটনা ঘটে। নিহত মনির উদ্দিন কেশবপুর গ্রামের মৃত চয়েন উদ্দিনের প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ পাটক্ষেতে কাজ শেষে বাড়িতে ফেরার সময় একটি বিষাক্ত সাপ মনির উদ্দিনকে কামড় দেয়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
কিন্তু পরিবারের সদস্যরা চিকিৎসকের পরামর্শ না শুনে তাকে উপজেলার লক্ষীপুর গ্রামে এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক চলাকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে দুপুর দেড়টার দিকে তাকে পুনরায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৩-০২