মঙ্গলবার | ২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩

লালপুরে ইটভাটার কার্যক্রমে অনিশ্চয়তা, সমাধান চেয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
লাইসেন্স নবায়ন, পরিবেশগত ছাড়পত্র ও প্রশাসনিক জটিলতা নিরসনের দাবিতে নাটোরের লালপুরে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দিয়েছেন উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতি। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার লালপুর সদর ইউনিয়ন পরিষদ চত্তরে ইটভাটা শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এ সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় তারা বলেন, প্রয়োজনীয় অনুমোদন পেতে দীর্ঘসূত্রতা ও জটিল প্রক্রিয়ার কারণে বৈধ ইটভাটাগুলোর কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী নিয়মিত আবেদন করলেও সময়মতো লাইসেন্স ও ছাড়পত্র না পাওয়ায় উদ্যোক্তারা সংকটে রয়েছেন। উপজেলার অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থানে ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব ভাটাকে কেন্দ্র করে শ্রমিক, কর্মচারী, পরিবহন শ্রমিক, কাঁচামাল সরবরাহকারী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জীবিকা নির্বাহ করছেন। ফলে ইটভাটার কার্যক্রম ব্যাহত হলে হাজারো মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে।
ভাটা মালিকরা বলেন, বর্তমানে লাইসেন্স সংক্রান্ত জটিলতা, কাঁচামাল সংগ্রহে প্রতিবন্ধকতা এবং প্রশাসনিক সমস্যার কারণে ইটভাটা শিল্প কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এর ফলে শুধু ভাটা মালিকরাই নয়, শ্রমিক ও সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
তারা জানান, পরিবেশ সংরক্ষণ ও প্রচলিত আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনার পক্ষে তারা অঙ্গীকারবদ্ধ। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী কর, ভ্যাট ও অন্যান্য ফি নিয়মিত পরিশোধ করা হচ্ছে। তবে নানা প্রশাসনিক জটিলতার কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে ভাটা মালিক সমিতির পক্ষ থেকে ৬টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো – লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, শিল্পবান্ধব নীতিমালা প্রণয়ন, বৈধ ভাটাগুলোর কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কাঁচামাল সংগ্রহ ও পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা।
পরা তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি শিল্প মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নাটোরের জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপির অনুলিপি পাঠান তারা।
লালপুর উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতির নেতারা আশা প্রকাশ করেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি ন্যায়সঙ্গত ও বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজে বের করবে যাতে শিল্প, শ্রমিক ও স্থানীয় অর্থনীতি সমানভাবে উপকৃত হয়।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/২৩-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.