মঙ্গলবার | ২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩

গাইবান্ধার ঘটনার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক :
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি অবমাননা, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের হুমকির প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের লালপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
‘রাষ্ট্র সবার, ধর্ম যার যার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লালপুর উপজেলা শাখার সভাপতি শ্রী দ্বিপেন্দ্রনাথ সাহা। সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, গোপালপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক চন্দ্র বিশ্বাস, ঠাকুরবাড়ি পৌর মন্দির কমিটির সাধারণ সম্পাদক মলয় কুমার দাস প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ধর্মীয় প্রতীক ও উপাসনালয়ের ওপর হামলা এবং অবমাননাকর কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এ সময় লালপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার সুইট, নাটোর জেলা আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক বাপ্পি দাস নান্নুসহ সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৩-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.