রবিবার | ২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩

রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের আন্তর্জাতিক যুব উপদেষ্টা বোর্ড ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এর দ্বিতীয় বোর্ডে স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ প্রযুক্তিবিদ প্রমোদ চন্দ্র বৈদ্য। তিনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL)-এর একজন প্রযুক্তি কর্মকর্তা।

রসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এর প্রথম বোর্ডের সদস্যরা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ-এর সঙ্গে এক বৈঠকে তাদের উত্তরসূরিদের পরিচয় করিয়ে দেন।

নতুন বোর্ডে বাংলাদেশসহ ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, কিরগিজস্তান, রুয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া এবং উজবেকিস্তানের মোট ১৩ জন তরুণ পেশাজীবী স্থান পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন তরুণ গবেষক, পারমাণবিক শিল্পের পেশাদার এবং বিভিন্ন যুব সংগঠনের নেতারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কঠোর প্রতিযোগিতামূলক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে দ্বিতীয় বোর্ড গঠন করা হয়েছে। বিশ্বের ৫৮টি দেশের ২০৭ জন প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্তভাবে ১৩ জন সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রমোদ চন্দ্র বৈদ্য।

রসাটমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে নতুন বোর্ডের সদস্যরা আগামী কয়েক মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তারা বিভিন্ন দেশে যুব সংলাপ আয়োজনের উদ্যোগ নেবেন, যেখানে পরিচ্ছন্ন, উদ্ভাবনী ও উচ্চপ্রযুক্তিনির্ভর খাত হিসেবে পারমাণবিক শিল্পের ক্রমবর্ধমান সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন অনেক তরুণ বিকল্প ক্যারিয়ার বেছে নিচ্ছেন, সে বিষয়ে মতামত ও গবেষণালব্ধ তথ্য সংগ্রহ করা হবে।

এসব সংলাপের ফলাফল তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ (COP31) জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে উপস্থাপন করা হবে। সেখানে বোর্ডের সদস্যরা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে অংশ নেবেন। এছাড়া কপ-৩১-এ আয়োজিত নিউক্লিয়ার ডে উপলক্ষে যুব কর্মসূচি প্রণয়নে সহযোগিতা করবেন এবং তুরস্কের আকুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শন করবেন।

রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেন, “পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়ে আন্তর্জাতিক যুব সংলাপের রূপরেখা তৈরিতে ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এর নতুন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আপনাদের কাছ থেকে সাহসী ও উদ্ভাবনী ধারণা প্রত্যাশা করি এবং বিশ্বব্যাপী আমাদের বিশেষজ্ঞ নেটওয়ার্কের মাধ্যমে আপনাদের উদ্যোগকে সর্বাত্মক সমর্থন দিতে প্রস্তুত আছি।”

 

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.