মঙ্গলবার | ১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম

পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল

নিজস্ব প্রতিবেদক :
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদেরকে প্রাইভেট পড়ানো থেকে বিরত থাকতে হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্যে শ্রেণিকক্ষে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। আমাদের সন্তানদের সম্পদে পরিণত করতে শিক্ষকদের আন্তরিক হতে হবে।
শনিবার (৮ আগস্ট ২০২৬) উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি), দুয়ারিয়া, কদিমচিলান, ওয়ালিয়া, আড়বাব ও লালপুর ইউনিয়নের বাস্তবায়িত প্রকল্প উদ্বোধন, কাজ পরিদর্শন ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
উপজেলার বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল আরও বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক উৎকর্ষতার কাজ শুরু করেছে। স্কুলের কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তাঁর এমপিও বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ওই স্কুলের উন্নয়নে কোনো বরাদ্দ দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ধরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে রাখা হয়েছে। ফলশ্রুতিতে মানসিক শক্তি হারিয়ে হতাশা থেকে তারা অনলাইন জুয়া আর মাদকের ভয়াল ছোবলের শিকার হয়েছে। ফ্যাসিবাদী শাসক প্রকৃত শিক্ষা থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করেছে। কারণ প্রকৃত শিক্ষা পেলে তারা কথা বলতে শিখবে, মেরুদন্ড সোজা করে অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে।
ফারজানা শারমীন বলেন, বিগত ১৭ বছর শিক্ষার্থীদের মাথায় পড়াশুনার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, জিপিএ ফাইভ প্রাপ্তির যুদ্ধ ক্ষেত্রের যোদ্ধা করা হয়েছে। অনেক শিক্ষার্থী এই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যাও করেছে। আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই না। আমরা চাই, আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহন করবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি তাদের মানসিক উৎকর্ষতার জন্যে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে গুরুত্ব প্রদান করেছেন। তাদেকে শিল্প-সাহিত্য-সংস্কৃতি এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করছেন। এজন্যে টেলিভিশনে নতুন কুঁড়ি আয়োজন করেছেন। নতুন কুঁড়ির শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার গন্ডি পেরিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা সারা দেশের খেলার মাঠে পৌঁছে গেছে। আমরা চাই, সৃজনশীল কার্যক্রমের চর্চা এবং প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক উৎকর্ষতা সাধিত হবে। তাদের শারিরিক ও মানষিক উৎকর্ষতার মাধ্যমে বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গড়ে উঠবে।
এবি ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদ আলী মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোলাম, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু এবং বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে নাটোরের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুলের বিশেষ উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ হতে গৃহীত ১৭৯ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.