| |

দেশের উন্নয়নে সংসদে তরুন ও নতুন মুখ স্থান পেয়েছে-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নিজস্ব প্রতিবেদক :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, বর্তমান সংসদে তারুণ্যের প্রতিনিধিত্ব অভূতপূর্ব। সরকার ও বিরোধীদলের তরুণ প্রাণ সংসদকে প্রানবন্ত করছেন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে রাষ্ট্রের নেতৃত্বে আসীন হবেন, দায়িত্বশীল ভূমিকা পালনে সক্ষম হবেন, রাষ্ট্র উপকৃত হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত সাড়ে ১০টায় ভার্চুয়্যালী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) আয়োজিত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
মেধা ও সম্ভাবনাকে উৎসাহিত করার প্রত্যয়ে ‘অধ্যাপক আব্দুস সাত্তার শিক্ষাবৃত্তি ফান্ড’ এর পৃষ্ঠপোষকতায় ‘পুসান শিক্ষাবৃত্তি-২০২৬’ এর ফলাফল ঘোষণা করা হয়।
পুসানের সভাপতি নওশীন আশরাফি আঁচলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাহানা বেগেম শেলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, চট্টগ্রামস্থ নাটোর জেলা সমিতির সভাপতি মো. মোখলেসুর রহমান সপু, মিরপুর সায়েন্স কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, পুসানের প্রতিষ্ঠাতা তানভীর আনোয়ার, সাবেক সভাপতি মোহাম্মদ জিহাদ হাসান ও সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম।
এছাড়াও অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন, পুসানের সম্মানিত পৃষ্ঠপোষক, বিশেষ অতিথি, উপদেষ্টামণ্ডলী ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।


প্রতিমন্ত্রী পুতুল বলেন, মানসিক পরির্তনের মাধ্যমে দেশের উন্নয়নে সংসদে তরুন ও নতুন মুখ স্থান পেয়েছে। তাঁদের নতুন নতুন ধারণাগুলো গ্রহণ করে মেধাবী জাতি গঠন করতে চায় সরকার। তারুণ্যের অদম্য শক্তিতে জেগে উঠেছে বাংলাদেশ। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। মাদক এবং শারীরিক ও মানসিক নির্যাতনের মত সমাজের দুষ্টু ক্ষতগুলোর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং জনমত তৈরিতে অনায়াসে কাজ করতে পারেন শিক্ষার্থীরা। কারণ ক্যাম্পাসগুলোতে তাদের নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্ক যে কোনো কাজকে সহজ ও সুন্দরভাবে করতে পারে।
প্রতিবছর ৫ জন শিক্ষার্থীর বৃত্তির দায়িত্ব ও পুসানকে সকল সহযোগিতার আশ্বাস দিয়ে ফারজানা শারমীন পুতুল বলেন, পুসান বিগত ১০ বছর ধরে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাবৃত্তি দিয়ে যাচ্ছে, পাশাপাশি অন্যান্য কাজও করছে। তাদের এই কার্যক্রম বিশেষ করে নেটওয়ার্কিং সারাদেশের জন্যে অনুকরণীয়। শিক্ষার্থীদের অন্যায়ের পথে পরিচালিত করা সম্ভব নয়। তারা মানসিকভাবে পবিত্র। এই অদম্য শক্তিকে সৃজনশীল কাজে নিয়োজিত করে মানবিক রাষ্ট্র গঠন করতে চায় সরকার।
প্রতিমন্ত্রী আরও বলেন, সারাদেশে মাদকের কারণেই বেশীরভাগ অপরাধ হচ্ছে। আইন, পুলিশ আর গ্রেপ্তার করে এ সমস্যার সমাধান সম্ভব নয়। মাদককে নির্মূল করতে হলে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সমাজিক সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। তবে সবচেয়ে ভালো ফলাফল সম্ভব, যদি এই সামাজিক সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীরা ভূমিকা রাখেন। মাদক, সহিংসতা, নির্যাতন ইত্যাদি ইস্যুতে শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোন কর্মসূচির আয়োজন করলে আমিও ওই সব কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারি।
উল্লেখ্য, ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান)। সংগঠটি ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সারা দেশে নাটোর জেলার প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের সেবা, সখ্যতা ও শিক্ষা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পুসানের প্রতিষ্ঠাতা তানভীর আনোয়ারের উদ্যোগে যাত্রা হওয়া সংগঠনটি বর্তমানে ৩৯ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.