| |

‘কুত্তা গাড়ি’র ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিনচালিত ‘কুত্তা গাড়ি’র ধাক্কায় মুস্তাফিজুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার লালপুর ইউনিয়নের ছয় রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাফিজুর রহমান উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া মহল্লার ঠিকাদার জাহাঙ্গীর আলমের বড় ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোপালপুর পৌরসভার ওয়ার্ড কমিশনার আবু সাঈদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মুস্তাফিজুর রহমান বন্ধু ইমনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল করে লালপুরের উদ্দেশ্যে রওনা হন। লালপুর ছয় রাস্তা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ‘কুত্তা গাড়ি’র সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ইমন (২৫) সামান্য আহত হলেও মুস্তাফিজুর রহমান গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য মোস্তাফিজুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি বিনা ময়নাতদন্তে তাদের নিকট হস্তান্তরের বিষয়ে রাজশাহীর রাজপাড়া থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.