
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে নাটোরের লালপুরে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার ধুপইল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবীর হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নেয়ামুল হাসান নীপ।
সভায় ইউএনও মো. আবীর হোসেন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার আইন প্রণয়ন করেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করছে। পাশাপাশি প্রশাসন নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। এ ধারা আগামীতে আরো বেগবান হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে আমরা জনসাধারণকে আইন সম্পর্কে অবহিত করছি, অভিযানও পরিচালনা করছি।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নেয়ামুল হাসান নীপ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন পেশার মানুষকে নিরাপদ খাদ্যের ধরণ এবং গ্রহন সম্পর্কে অবগত করছি। বাসায়, বাসার বাইরে নিরাপদ খাদ্য গ্রহন এবং সুস্থ্য থাকার পন্থা সম্পর্কে উদ্বুদ্ধ করছি।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।