
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের রাজাপুর বাজার এলাকায় যৌথ অভিযানে ৭ লাখ ৯ হাজার ৫০০ জাল টাকাসহ একজন জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিপিএসসি ও সিপিসি-২ (নাটোর), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় বড়াইগ্রামের রাজাপুর বাজার এলাকায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি পটুয়াখালীর মাদারবুনয়ার বোতল বুনিয়া গ্রামের মৃত আমজাদ আলী ছেলে মো. মোস্তফা (৪২)।
সিপিএসসি, রাজশাহী ও সিপিসি-২, নাটোর সূত্রে জানা গেছে, যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যায় বড়াইগ্রামের রাজাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৭ লাখ ৯ হাজার ৫০০ জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী মো. মোস্তফাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজতে থাকা জাল টাকা ও ২টি মোবাইল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
পরবর্তিতে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।