
নিজস্ব প্রতিবেদক।। কলকাতায় একটি আবাসিক হোটেলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা। নিহত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিহতরা হলে কুষ্টিয়ার দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯), তাঁর স্ত্রী আফসানা শারমীন (২৭), ছেলে স্বর্ণশীষ দত্ত (৩) এবং দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলী (৬৪)। নিহত অপর বাংলাদেশি আহমেদ বাবু (৩) ঢাকার সাভারের আমিনবাজার এলাকার বেগুনবাড়ির বাসিন্দা।
এ ছাড়া ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানের পরিচয়ও নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এখনো নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। উদ্ধার করা মরদেহগুলো মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
দেবাশীষ দত্ত কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার দিলীপ দত্তের ছেলে। তিনি স্থানীয় দৈনিক আজকের আলো-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ স্ত্রী আফসানা শারমীনের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে ভারতে যান দেবাশীষ। বেঙ্গালুরুতে ১৩ দিন চিকিৎসা শেষে গত ১৮ আগস্ট তাঁরা কলকাতায় ফেরেন। দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই কলকাতার আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।
দেবাশীষের বন্ধু ও সাংবাদিক তৌহিদী হাসান জানান, মৃত্যুর খবর পাওয়ার পর তাঁরা দ্রুত তাঁর কুষ্টিয়ার বাড়িতে ছুটে যান। এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর শোকে ভেঙে পড়েছেন। অনেক স্বজনের সঙ্গে ঠিকমতো কথাও বলা সম্ভব হচ্ছে না।
দেবাশীষ দত্তের আরও একটি আট বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। তাঁর বাবা-মাও জীবিত রয়েছেন। এ ঘটনায় সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যুতে বিভিন্ন মহল শোক ও সমবেদনা জানিয়েছে। দৈনিক আজকের পত্রিকা পরিবারও তাঁর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।