
লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই অনুষ্ঠান হয় বলে উপজেলা নির্বাহী অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা শেষে শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের রুহের মাগফিরাত ও জুলাই যুদ্ধে আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মো. সাজ্জাদ হোসেন সাদ্দাম এই দোয়া মাহফিল পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ-র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু, লালপুর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. সুজন, জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. আব্দুল্লাহ, জুলাই যোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রঞ্জু, বিএনপির নেতা এবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবেদ আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধোসহ সুধীজন উপস্থিত ছিলেন।